ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইইএলটিএস বা ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজারো অভিবাসীকে ভুল ফলাফল দেয়া হয়েছে। যার কারণে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা দেয়া হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’র এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।
এতে বলা হয়, বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় ব্যর্থ হওয়া সত্ত্বেও, ভুল মার্কিংয়ের কারণে হাজার হাজার অভিবাসীকে ভিসা দেয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এই ভাষা পরীক্ষায় অংশ নিয়েছিল ৮০ হাজার। যার অর্থ হলো- অনেকেই ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদের পাস নম্বর দেয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মিলেছে। এর ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অভিবাসী যারা ভিসার যোগ্য ছিলেন না, তারাও যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন। সেইসাথে, অনেক এনএইচএস কর্মী এবং ইংরেজিতে দুর্বল জ্ঞানসম্পন্ন অভিবাসীদের এমন পড়াশোনা বা কাজের জন্য ভিসা দেয়া হয়েছে, যার জন্য তারা মোটেও উপযুক্ত নন।
