গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্ট বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী নাইট কোচের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন (Kazi Line) নাইট কোচটি সিমেন্ট বোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। অপর নিহত ব্যক্তি হলেন, বাস হেলপার গাইবান্ধার সাদুলাপুর উপজেলার সন্তলার গনি আকন্দের ছেলে মুছা আকন্দ (২৫) । নিহত জামিলের সঙ্গে থাকা তার খালা সোনালী বেগম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই জামিলের মৃত্যু হয়।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত নাইট কোচটি থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
