গাইবান্ধার সুন্দরগঞ্জে টেন্ডার ছাড়াই পুরোনো ব্রিজ ভেঙ্গে নিয়ে যাওয়া ইউপি চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রশাসন।
আগামী তিনদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি। মো. মোকলেছুর রহমান মন্ডল উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের মৃত নুরুল হক মন্ডলের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি জানান, ওই চেয়ারম্যান টেন্ডার ছাড়াই পুরোনো ব্রিজ ভেঙে ইট ও লোহা তার বাড়িতে নিয়ে যান।
বিষয়টি আমরাও জানি না। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জানতে পাই। আইনীভাবে কাজটি চেয়ারম্যান ঠিক করেননি। সে কারণে তাকে এ নোটিশ করা হয়েছে। তিনি আরও জানান, আগামী তিনদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ওই ইউনিয়নের দক্ষিণ রাজীবপুর গ্রামের উত্তরপাড়ার আলম মিয়ার বাড়ি সংলগ্ন ছিল ব্রিজটি। পুরাতন হলেও ওই ব্রিজ দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে আসছিল।
