desh somoy logo
ঢাকাThursday , 14 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক

দেশ সময়
May 14, 2026 1:15 pm
Link Copied!

পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও ‘ক্লিন ঢাকা’ বাস্তবায়নে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

ইশরাক হোসেন বলেন, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসার আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। জনসচেতনতা ছাড়া কোনো কর্মসূচিই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আমরা এখানে আজ কর্মসূচি করছি জনসচেতনতা বাড়ানোর জন্য। আমরা যত কর্মসূচিই করি না কেন, জনগণ যদি সচেতন না হয় এবং নিজেদের শহর পরিষ্কার রাখতে দায়িত্বশীল না হয়, তাহলে এই শহরকে কখনোই বাসযোগ্য ও সুস্থ পরিবেশসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না।”

ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলার অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে এবং নগরজুড়ে পর্যাপ্ত পাবলিক টয়লেট ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, “ঢাকা শহরে জনসংখ্যার চাপ ধারণক্ষমতার বাইরে চলে গেছে। তাই রাজধানীর ওপর চাপ কমাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে আশপাশের এলাকায় স্থানান্তরের বিষয়ে ভাবতে হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং ঢাকার ওপর মানুষের চাপও কমবে।”

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতসহ মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।