desh somoy logo
ঢাকাThursday , 14 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে ৩৪ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩,

দেশ সময়
May 14, 2026 3:35 pm
Link Copied!

৩৪ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩, ঈদের বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল

রাজধানীর উত্তরা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)।

ডিবি সূত্র জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট ও বিপণিবিতানে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল আন্তজেলা এই চক্রটি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা পূর্ব থানার সমবায় বাজার (বিডিআর) মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে থেকে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৩০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, অভিযানে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, এক রোল সোনালি ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ এবং জলছাপযুক্ত সাদা কাগজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, চক্রটি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল।

তিনি আরও বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পশুর হাট ও বিপণিবিতানে সহযোগীদের মাধ্যমে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।