সারাদেশে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষায় ইসলামিক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ সালাম খান।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তন-এ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতাধীন কর্মকর্তা, মডেল ও সাধারণ কেয়ারটেকার এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইসলাম প্রচার এবং ইসলামী বুনিয়াদি শিক্ষা বিস্তারে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও এই কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রকল্পের আওতাধীন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।
ইকবাল বাহার চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা মনসুর আলম খান, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা ফেরদৌস আলম, মোঃ এখলাছ মিঞা খান এবং মাওলানা আমিনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও ইমাম-মোয়াজ্জেনরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে লংগদু উপজেলা মডেল মসজিদের চলমান কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথিসহ আগত অতিথিরা।
