বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা করে বাংলাদেশ পক্ষ। জবাবে রাষ্ট্রদূত ড. লটজ বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
আলোচনায় জার্মান কোম্পানি Aerodata-এর মাধ্যমে বাংলাদেশে Airport Calibration Service প্রদানে আগ্রহের বিষয়টিও তুলে ধরা হয়। এ বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
