মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে গাইবান্ধায় সপ্তাহব্যাপী কচুরিপানা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় সদর ভূমি অফিস সংলগ্ন ঘাঘট লেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচিতে বেসরকারি সংস্থা গণউন্নয়ন কেন্দ্র, এসকেএস, ওয়ার্ল্ড ভিশন, পদক্ষেপ, ফ্রেন্ডশিপ ও আরএইচ স্টেপের শতাধিক কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
