বগুড়া প্রতিনিধি | শনিবার (৩০ মে ২০২৬)
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘর-এ সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা—এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সর্বশেষ অগ্রগতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন।
তদন্তের অগ্রগতি তুলে ধরা হয়
বৈঠকে তদন্ত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি, এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপ এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন তদন্ত কমিটির সদস্যরা। বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তদন্ত কমিটির কার্যকাল আরও ১৫ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, মূর্তিগুলোর সত্যতা নিরূপণে অধিকতর নিরপেক্ষ ও বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠন করে পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর কাছে প্রতিবেদন উপস্থাপন
তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, মহাস্থানগড় দেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তদন্তের বর্তমান অগ্রগতি প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে। আশা করা হচ্ছে, বর্ধিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে।
সভায় তদন্ত কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পটভূমি
উল্লেখ্য, ২০০৭ সালে ফ্রান্সে একটি আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য মহাস্থানগড় জাদুঘর থেকে ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দেশে ফেরত আসার পর জাদুঘরের স্টোররুমে সংরক্ষণ করা হয়।
পরবর্তীতে ১১ মে ২০২৬ তারিখে উপজেলা আইনশৃঙ্খলা সভায় এ বিষয়ে অভিযোগ উঠলে প্রতিমন্ত্রী জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন।
