দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় বরিশালের গৌরনদী উপজেলায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করতে পারলে সারা দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সেই নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঘোষিত জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থন যতদিন থাকবে, ততদিন বিএনপি দেশের স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
এর আগে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
