বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনগণের জন্য প্রদত্ত সেবা নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রংপুর দুর্নীতি দমন কমিশনের নুর বকস্ বাবুল এবং গীতা পাঠ করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য উজ্জল চক্রবর্তী।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত গণশুনানীতে আরও বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আব্দুস সালাম।
গণশুনানীতে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংকসহ ৩২টি বিভাগের বিরুদ্ধে উত্থাপিত ৯৭টি অভিযোগ উপস্থাপন করা হয়। পরে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে এসব অভিযোগের জবাবদিহিতা নিশ্চিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেন, দেশে দুর্নীতি বন্ধে প্রশাসনিক জবাবদিহিতা, কঠোর আইনি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শক্তিশালী বিচার প্রক্রিয়া নিশ্চিত করা গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন সম্ভব হবে।
তিনি সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি রোধের ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, দেশের প্রতিটি জেলায় এ ধরনের গণশুনানী আয়োজন করা হচ্ছে।
