গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তরপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক ইউপি সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
রোববার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬) ও সবুজ খান (৩০)। এছাড়া প্রতিপক্ষের আরও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত ইউপি সদস্য মেহেদী খান জানান, তার বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে বাকিতে কেনাকাটা করতেন। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইতে গেলে তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, ওই ঘটনায় তখন থানায় একটি মামলা করা হয়েছিল। এর জের ধরে রোববার প্রতিপক্ষের গামা, রুবেল, মোফাজ্জেল, শাহি, ইব্রাহিম, ফয়সাল ও কামরুলসহ ২০ থেকে ৩০ জন পরিকল্পিতভাবে প্রথমে তার বাবার ওপর এবং পরে পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীদের অনেকেই দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে দেনা পরিশোধ করেননি বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।
গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছাব্বির হোসেন জানান, আহত ১৩ জনের অবস্থাই গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।
