গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার অফিসকে কেন্দ্র করে মানববন্ধন, রাস্তা অবরোধ ও চাঁদাবাজির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এ ঘটনায় প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন এবং কলম বিরতির ঘোষণা দিয়েছেন দলিল লেখকরা।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টায় গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র দলিল লেখকদের কাছে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবি, গত রোববার সাব-রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে অফিসের মূল গেটের সামনে আবারও মানববন্ধন ও রাস্তা অবরোধ করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক অভিযোগ করেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া অফিসের গেট খুলে দিতে গেলে তাকে লাঞ্ছিত করা হয় বলেও দাবি করেন তিনি।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দলিল লেখকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কলম বিরতির কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
