গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুরে অবস্থিত প্রায় ৪শ বছর পুরনো তরফ কামাল মিয়া বাড়ি জামে মসজিদ সংস্কারের পর নতুন রূপে দাঁড়ালেও বহন করে চলেছে তার প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষর। স্থানীয়দের ধারণা, মসজিদটি মুঘল আমলে নির্মিত।
তিন গম্বুজ বিশিষ্ট একতলা এই মসজিদটি কয়েক শতাব্দী ধরে এলাকাবাসীর ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। একসময় মসজিদটির দেয়ালজুড়ে ছিল সময়ের ছাপ, বিবর্ণ রং ও জীর্ণ কাঠামো। সাম্প্রতিক সংস্কার ও রং করার পর এখন এটি সাদা রঙে দৃষ্টিনন্দন রূপ পেয়েছে। তবে সংস্কারের পরও মসজিদের গায়ে থাকা প্রাচীন কারুকাজ ও নকশা এখনও স্পষ্ট, যা এর ঐতিহাসিক মূল্যকে অক্ষুণ্ণ রেখেছে।
মসজিদের সামনে রয়েছে কারুকাজ সম্বলিত প্রধান ফটক। পাশেই একটি কবরস্থান, যেখানে বহু অলি-আউলিয়া শায়িত আছেন বলে স্থানীয়দের বিশ্বাস। প্রচলিত রয়েছে, একজন বিশিষ্ট আউলিয়া ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ এলাকায় এসে এই মসজিদটি নির্মাণ করেন।
মসজিদটিকে ঘিরে রয়েছে নানা লোকবিশ্বাসও। স্থানীয়দের দাবি, একসময় এখানে একটি মূল্যবান পাথর ছিল, যার গায়ে খোদাই করা লেখা ছিল। পাথরটি ‘ঘামলে’ সেদিন বা পরদিন বৃষ্টি হতো—এমন কথাও এলাকায় প্রচলিত রয়েছে।
এক কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো মসজিদ না থাকায়, এটিই আশপাশের মানুষের প্রধান ধর্মীয় কেন্দ্র। প্রতি শুক্রবার জুম্মার নামাজে প্রায় ৫০০ মুসল্লির সমাগম ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় মসজিদটির যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
অবস্থান: তরফ কামাল মিয়া বাড়ি জামে মসজিদ, রসুলপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা
স্থানাঙ্ক: 25°27’06.5″N 89°24’14.0″E
