রাষ্ট্র গঠনের কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই কর্মসূচিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে সমাজে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ সামর্থ্য ও অবস্থান থেকে অন্যের পাশে দাঁড়ায়, তাহলে তা দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে অবদান রাখছেন, তাদের সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে একে অপরকে সহায়তা করার মানসিকতা গড়ে তুলতে হবে।
জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে বিবেচনায় বক্তব্য সংক্ষিপ্ত রাখেন তারেক রহমান। তিনি বলেন, মানুষের দুর্ভোগ বাড়ুক তা তিনি চান না। সাংগঠনিক বিষয় ও রাজনৈতিক কার্যক্রম নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
