পলাশবাড়ীতে পানবাজারের আধিপত্য নিয়ে সংঘর্ষ: আহত জামায়াত নেতা অভির মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ীতে পানবাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সামিউল ইসলাম অভি (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (৩০ মে) ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে পলাশবাড়ী পৌর শহরের ছোটশিমুলতলা পানবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে সামিউল ইসলাম অভি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পূর্বে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
নিহত সামিউল ইসলাম অভি পলাশবাড়ী পৌর শহরের সিধনগ্রাম এলাকার আকবর আলীর ছেলে। তিনি স্ত্রী, স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার বাদ জোহর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
