দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৫১১ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৯০ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে চলমান প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।
এ ছাড়া একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ হাজার ৫৭২ জন।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ৯৪২ জন।
