ঢাকাTuesday , 14 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রুটিন অনুযায়ীই এইচএসসি পরীক্ষা, সময় নিয়ে কেন্দ্রে যেতে বলল আন্তঃ শিক্ষা বোর্ড

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা বিরাজমান থাকলেও চট্টগ্রামসহ পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (১৩ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। তবে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

Advertisement

আন্তঃশিক্ষা বোর্ডের ভাষ্য, বন্যা পরিস্থিতির কারণে দেশের সব জেলার পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় তা সম্ভব নয়। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। ঘন ঘন পরীক্ষা স্থগিত হলে ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমসহ পুরো শিক্ষা ক্যালেন্ডারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বা কয়েকটি বোর্ডের পরিস্থিতির ভিত্তিতে দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও বাস্তবসম্মত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে বা পরীক্ষা গ্রহণে গুরুতর বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক স্থানীয় পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৃষ্টি, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়া উচিত।

একই সঙ্গে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।