বন্যা, জলোচ্ছ্বাস ও ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (৩০ মার্চ) সকালে সেভ দ্য চিলড্রেন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “বন্যা, জলোচ্ছ্বাস এবং ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় নির্বাচনি ইশতিহার অনুযায়ী সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।” তিনি দুর্যোগ প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ বিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন। মন্ত্রী বলেন, স্কুল পর্যায় থেকেই সচেতনতা তৈরি করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দুর্যোগ মোকাবিলায় দক্ষ হয়ে ওঠে।
অনুষ্ঠানে দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী ‘মেট ক্লাব’ প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়।
এছাড়া, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশে ঘূর্ণিঝড়, মৌসুমি নিম্নচাপ, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগে করণীয় বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
