গাইবান্ধা শহরে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩), সিপিসি-৩, গাইবান্ধা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শহরের ব্রিজ রোডস্থ কাজল ট্রেডার্সে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্বপাড়া এলাকার হক এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ তেল মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৩, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, র্যাবের উপ-সহকারী পরিচালক জিয়াদ হাসান ও নওশের আলীসহ অন্যান্য সদস্যরা।
ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
