রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
বুধবার (২১ জানুয়ারী) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি এস এম সফিউল আজম, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সেলিম সুমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান রানা, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ইমরানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, পাবলিক হেলথ এলাকার এই অগ্নিকাণ্ডে যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিএনপি সবসময় মানবতার পক্ষে, মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হোক।
এসময় বিএনপির নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের পাশে থাকার ও আশ্বাস দেন।
