ভোজ্য তেলের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় গাইবান্ধায় র্যাবের উদ্যোগে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
৮ এপ্রিল ২০২৬ বুধবার বিকেলে পরিচালিত এ অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে শহরের দুটি প্রতিষ্ঠান—জামাই স্টোর ও সবুর এন্ড ব্রাদার্সে তদারকি করা হয়। এ সময় ভোজ্য তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে পণ্য মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি না করেন।
অভিযানে উপস্থিত ছিলেন গাইবান্ধা র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জাহাঙ্গীর আলম বাবুসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
র্যাব ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনার আলোকে এ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এবং ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না।
আজকের অভিযানে কোনো জরিমানা করা হয়নি। তবে ভবিষ্যতে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রশাসন আরও জানায়, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে ন্যায্য দামে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
