রাজধানীর শাহবাগ এলাকায় একদল রূপান্তরকামীর হামলায় ‘সকালের সময়’ পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘর এলাকার সামনে কয়েকজন রূপান্তরকামী ও সমকামী ব্যক্তি জড়ো হয়ে আড্ডা দেন। এ সময় ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন তাদের কার্যক্রমের ভিডিও ধারণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উপস্থিত কয়েকজন তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হামলার পর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাহবাগ থানার পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
