মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার (১৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মৌলভীবাজারের বড়লেখা থানার ইসলামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছেন এবং প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন নিউ জেএমবির কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার সন্দেহভাজন আসামিও বলে জানিয়েছে পুলিশ।
কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল বৃহস্পতিবার রাত ১টা ৫০ মিনিটের দিকে বড়লেখা উপজেলার শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
