সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচরে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন ((১৭ ই বেংগল)।
বুধবার (২৯ এপ্রিল) সকালে নানিয়ারচর জোন কার্যালয়ে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
নানিয়ারচর জোন কমান্ডার এসময় উপজেলার বুড়িঘাট ইয়ুথ ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের হাতে ক্রিকেট ব্যাট, থাই প্যাড, হেলমেট, ক্রিকেট বল, ব্যাটিং গ্লাভস এবং কিট ব্যাগ সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মশিউর রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় যুবসমাজ কে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করতেই এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও জানান নানিয়ারচর জোন কমান্ডার।
এসময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
